প্রিন্ট এর তারিখঃ Oct 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2026 ইং
আইসিসির স্বীকৃতি পেতেই পাকিস্তানের সাবেক তারকাকে কোচ করল এনপিএল ক্লাব

পাকিস্তানের সাবেক কোচ মিসবাহ উল হক নতুন করে কোচিংয়ে যুক্ত হচ্ছেন। নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সুদূরপশ্চিম রয়্যালস। গতকাল আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।
আইসিসির অনুমোদন পাওয়ার কারণে এখন থেকে টেস্ট খেলুড়ে দেশের সক্রিয় খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে পারবে এনপিএল। রয়্যালস তাদের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মিসবাহর প্রধান কোচ হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের অন্যতম শ্রদ্ধাভাজন ব্যক্তি, সাবকে অধিনায়ক ও প্রধান কোচ মিসবাহ উল হক এখন সুদূরপশ্চিম রয়্যালসের।’
টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মিসবাহর বেশ ভালো অভিজ্ঞতা আছে। পাকিস্তান সুপার লিগের প্রথম আসরে তার নেতৃত্বে ইসলামাবাদ ইউনাইটেড শিরোপা জিতেছিল। তার নেতৃত্বে ২০১৬ সালে পাকিস্তান আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ টেস্ট দল হয়েছিল। ১৬২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা মিসবাহ পেশাওয়ার জালমির ব্যাটিং কোচ ছিলেন। পিএসএলের ১১তম আসরে দলটি চ্যাম্পিয়ন হয়।
২৬ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এনপিএল। আগের দুটি আসরে লিগ পর্বে শীর্ষে ছিল রয়্যালস, দুইবারই ফাইনাল খেলেছিল। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি একবারও।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।